রাজধানী বাড্ডার ৩৭ নং ওয়ার্ডে রমজানের শুরু থেকে ঈদ পর্যন্ত সাধারণ জনগনের সুবিধার্থে ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ। তিনি ৩৭ নং ওয়ার্ড এলাকায় ৫ টি ভ্রাম্যমাণ দোকান ও ভ্যান চালু করেছেন। এসব দোকানে কেনা দামেই বিক্রি করা হচ্ছে চাল, ডাল, আলু পেঁয়াজ সহ নিত্য পণ্য।

এই কার্যক্রমের উদ্যোক্তা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা ও কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ আল মারুফ নতুন দিগন্তকে বলেন, ভ্রাম্যমাণ ন্যায্যমূল্যের ভ্যানটি সাধারণ জনগণের সুবিধার্থে আজকে সারাদিন পাঁচতলা বাজার, সেকান্দরবাগ, পোস্ট অফিস গলি ও শাহাবুদ্দিনের মোড়ে বিক্রি করছে।
তিনি আরো জানান, মাত্র ৬০ হাজার টাকা পুঁজি দিয়ে ইতোমধ্যে দশ লক্ষাধিক টাকার মালামাল কয়েক দফায় বিক্রি হয়েছে।
এছাড়া জনগনের সাপোর্ট পেলে ঈদের আগে ৫ টি গরু ন্যায্য মূল্যে ৭০০ টাকা কেজি দরে বিক্রিরও আগ্রহ প্রকাশ করেন তিনি।
পাঁচতলা বাজার থেকে ন্যায্য মূল্যে আলু ও ডাল কিনেছেন বাড্ডার ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান। তিনি জানান, অতি অল্প মূল্যে পণ্য কিনতে পেরে আমরা আনন্দিত৷ আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে চলমান মূল্যে কেনা সম্ভব হয়না। টিসিবির ট্রাকেও ভীড় থাকে। এভাবে যদি রাজনৈতিক ব্যক্তিরা আমাদের জন্য ন্যায্য মূল্যে বিক্রি করে, তাহলে আমরা উপকৃত হবে।