জুলাই অভ্যুত্থানে বিএনপি-জামায়াত ও ছাত্রজনতার ওপর হামলাকারী নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিএস পলাশকে দেখা গেছে নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চুর সাথে। আজ বুধবার (১৮ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত "নগদ অর্থ বিতরণ" কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে একসাথে পাশাপাশি দেখা যায় তাদের। নড়াইল সদর উপজেলা প্রশাসনের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জিএস পলাশকে বিশেষভাবে সকলের সাথে পরিচিত করিয়ে দেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়। 

এ বিষয়ে জুলাই আন্দোলনকারী এ বি করিম বলেন, দাঁড়িপাল্লার পক্ষে প্রকাশ্যে কাজ করে অনেকের শত্রু হয়েছি। নির্বাচনের পর জামায়াত সংগঠন কিংবা এমপি সবাই আমাদের জুলাইযোদ্ধাদের ভুলে গেল। একটা দিন আমাদের সাথে বসলো না৷ কোনো প্রোগ্রামে দাওয়াত দিলোনা। অথচ যারা জুলাই আন্দোলনে সরাসরি হামলাকারী তাদের মঞ্চে উঠিয়ে প্রোগ্রাম করছে৷ এ দৃশ্য দেখার জন্য কি আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছিলাম?

গুরুতর আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী বলেন, সম্প্রতি আওয়ামীলীগের সন্ত্রাসী ও নৈতিকতাহীন নেতাদের সাথে আমাদের নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চুর বিশেষ সখ্যতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ২৪ এর আন্দোলনসহ ২০১৩ থেকে ফ্যাসিবাদবিরোধী নানা আন্দোলনে নির্যাতিত, কারাবরণকারী ও আহত ব্যক্তিদের তিনি যথাযথ মূল্যায়ন করেন না, বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও ডাকেন না। এ বিষয়ে বিভিন্ন সময়ে তাকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয় নি। বিষয়টি হতাশাজনক।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুর মুঠোফোন নাম্বারে বারবার ফোন দেয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।