ইসলামী ব্যাংকসহ ছয়টি ইসলামী ধারার ব্যাংক চট্টগ্রাম ভিত্তিক সাবেক লুটেরা ব্যবসায়ী এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ রোববার (১৯ এপ্রিল) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করে। ব্যাংক লুটেরাদের পুনরায় ফিরে আসার সুযোগ দিয়ে যে ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ করা হয়েছে, তা বাতিল করতে সমাবেশ থেকে বক্তারা দাবি জানান। ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র হাজার - হাজার গ্রাহক উপস্থিত ছিলেন। এসময় গ্রাহকেরা ‘ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ করো’, ‘ব্যাংক দখলের কালো আইন বাতিল করো’, ‘এস আলম নো মোর’ - সহ বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন।
সমাবেশ থেকে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নুরু নবী মানিক পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হচ্ছে - “ব্যাংক লুটেরা এস আলম ও সকল শীর্ষ লুটেরাকে গ্রেপ্তার এবং দেশীয় সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে ।”, “ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের জন্য ব্যাংক রেজুলেশন আইনে সংযোজিত ১৮/ক ধারা বাতিল করতে হবে।”, “ব্যাংকের সামনে অবৈধভাবে মব সৃষ্টিকারী এস আলমের দোসর, পটিয়া বাহিনীকে পুনরায় সুযোগ দেওয়া হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।”, “মব সৃষ্টিকারী কোনো অবৈধ দখলদার বাহিনীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দিলে তা বরদাশত করা হবে না “, “ব্যাংকের প্রকৃত মালিক যাদের কাছ থেকে হাসিনার পেটোয়া বাহিনীর মাধ্যমে জোরপূর্বক এস আলম মালিকানা দখল করেছিল, তাদের হাতে অতি দ্রুত ব্যাংক মালিকানা ফেরত দিতে হবে”। (প্রেস বিজ্ঞপ্তি)